সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন হবে, ভোট কারচুপির সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সবাই সহযোগিতা করলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। কোথাও কোনো অনিয়ম বা কারচুপির অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন হবে সম্পূর্ণ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব এলাকায় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টি আজকের মতবিনিময় সভায় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।

এর আগে অনুষ্ঠিত ওই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ মাঠ প্রশাসন, গোয়েন্দা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970