অবৈধভাবে নির্বাচনী দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
টাকার বিনিময়ে অবৈধভাবে ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) নেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করেন। পরে দায়িত্ব দেওয়ার নামে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা করে উৎকোচ নেওয়ার তথ্যও পাওয়া গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত দলনেতা বর্তমানে পলাতক এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন প্রশিক্ষণবিহীন ব্যক্তিকেও নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।
রাজধানীর গুলশান ১৯ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মৎ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের দলনেত্রী সামসুন্নাহারকে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, নির্বাচনী দায়িত্ব পালনে শারীরিক সক্ষমতার পাশাপাশি বৈধ সনদ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতা বাধ্যতামূলক। ভুয়া সনদধারী বা অযোগ্য কাউকে দায়িত্বে রেখে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মাঠের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লাখ সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে আনসার সদস্যের সংখ্যা সাড়ে ৫ লাখের বেশি।