রোববার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের পর রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজনৈতিক শরিকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, তিনি এদিন শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। নির্বাচনে জয়ের পর এটি হতে যাচ্ছে শরিকদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক।
এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে আগামী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। এছাড়া আরও দুটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে দলটির।
এ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন তারেক রহমান।
এর আগে ২০০১ সালের জাতীয় নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্বে সরকার গঠন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সে সময় দলটি এককভাবে ১৯৩টি আসন এবং জোটগতভাবে মোট ২১৬টি আসন অর্জন করেছিল।