দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে হয়রানির শিকার সাবেক উপদেষ্টা আদিলুর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম
অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (০২ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে দায়িত্বরত বিশেষ শাখার এক পুলিশ সুপার তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন বলে জানা গেছে।
সূত্রের দাবি, সদ্য বিদায়ী উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে অযাচিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। আদিলুর রহমানের ভাষ্য অনুযায়ী, তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিষয়টি জানানো সত্ত্বেও তাকে বেশ কিছু সময় অপেক্ষায় রাখা হয়।
তবে বিশেষ শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই সময় লেগেছে। কোনো ধরনের হয়রানি করা হয়নি বলেও দাবি করেন তিনি।
এদিকে বিশেষ শাখার প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক গোলাম রসুল বলেন, ঘটনাটি অতিরঞ্জিত। ইমিগ্রেশনের সকল আনুষ্ঠানিকতা শেষে আদিলুর রহমান খান নেপালগামী যাত্রার জন্য বোর্ডিং পাস গ্রহণ করেছেন।