জ্বালানি খাতে মাসে ৩ হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি খাতে সরকারকে প্রতি মাসে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানির প্রকৃত দাম ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও এর প্রকৃত মূল্য প্রায় ১৫৫ টাকা হওয়া উচিত। ফলে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে।

জ্বালানি সংকট নিয়ে জনমনে উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোনো ধরনের জ্বালানির ঘাটতি নেই। অযথা মজুত বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নিয়মিত সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করলে কোনো সমস্যা হবে না।

তদারকি কার্যক্রম জোরদারের বিষয়ে তিনি জানান, একদিনেই সারা দেশে ৩৬১টি অভিযান চালানো হয়েছে। এতে ১৯২টি মামলা দায়ের করা হয় এবং ৫ লাখ ৭ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ৭ হাজার ৩৪২টি অভিযান পরিচালনা করে ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৫২ হাজার ২৪৭ লিটার ডিজেল, ৩ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রোল। মোট উদ্ধার হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি।

বর্তমান মজুদ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১৪৩ টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন এবং ১ হাজার ৬৮২ টন পেট্রোল মজুদ রয়েছে। নিয়মিত আমদানি অব্যাহত থাকায় অন্তত আগামী দুই মাস অকটেন ও পেট্রোলের কোনো সংকট হবে না।

অবৈধ মজুতের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970