দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
দেশে তেলের কোনো প্রকৃত সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কৃত্রিমভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের আওতায় ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, দেশে তেলের সরবরাহ নিয়ে প্রকৃত কোনো সংকট নেই। কিছু মানুষ অনৈতিকভাবে ব্যবসা করে পরিস্থিতি অস্থিতিশীল করেছে। তারা তেল মজুত ও কালোবাজারির মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এই অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না এবং এ বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় তিনি আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত পুরো বিশ্বকে প্রভাবিত করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অনেকে।