প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪৭ পিএম
বাড়ি ভাড়া-ভাতা বৃদ্ধি সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়ানো হয়। তবে শিক্ষকরা এটিকে পর্যাপ্ত নয় বলে দাবি করে চলমান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হলেও এটি মূল দাবি নয়। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, শনিবার (১৮ অক্টোবর) রাতে শিক্ষকরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে ‘ভুখা মিছিল’ করার ঘোষণা দেন। রোববার দুপুর ১২টায় খালি থালা ও প্লেট হাতে মিছিল করার কথা থাকলেও তা পিছিয়ে বেলা ৩টায় নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে পূর্ণ দাবিগুলো বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে।