পুলিশের এএসআই পদে ৪ হাজার সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ এএম
বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে ৪ হাজার সদস্য নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও সাংগঠনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই পদ সৃজন করা হয়েছে। এসব পদ গ্রেড-১৪ অনুযায়ী রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হলেও বছর বছর সংরক্ষণের ভিত্তিতে স্থায়ীকরণের ব্যবস্থা থাকবে।
এতে আরও বলা হয়, নবসৃষ্ট পদগুলোকে অনুমোদিত সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করে হালনাগাদ কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে। এছাড়া অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকেই এসব পদ কার্যকর বলে গণ্য হবে।
১৯৪৩ সালের Police Resolution of Bengal অনুযায়ী এই পদগুলো পূরণযোগ্য হবে। এ ছাড়াও জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি যথাযথভাবে মেনে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে বলে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।