সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৯ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির তিন ধাপে বাস্তবায়নের সুপারিশে সম্মতি দেওয়ায় এ সংক্রান্ত কার্যক্রমও শুরু হয়েছে।

নতুন পে স্কেল অনুযায়ী, প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর বর্তমানে চালু থাকা বিশেষ সুবিধাগুলো বাতিল হবে। ফলে সবকিছু সমন্বয়ের পর প্রকৃত বেতন বৃদ্ধি ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা সুপারিশকৃত মূল বেতনের অতিরিক্ত ৫০ শতাংশ সুবিধা পাবেন। দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ বাস্তবায়ন করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত করে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হতে পারে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামোর বিস্তারিত পরিকল্পনা এবং তিন ধাপে বাস্তবায়নের পেছনের আর্থিক ও প্রশাসনিক যুক্তি তুলে ধরবেন বলে জানা গেছে।

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগ প্রশাসনিক দক্ষতা ও আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970