‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ৪১ লাখ নারীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেখানে পরিবারের প্রধান নারী প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন।

বৃহস্পতিবার (১১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচিকে একটি সিগনেচার উদ্যোগ হিসেবে গ্রহণ করেছে। সরকার দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এছাড়া বাজেটে ৬৫ বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ বিনা ভাড়ায় ভ্রমণের সুবিধা এবং মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মা ও শিশু কল্যাণ কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকবে, যা পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970