উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুই দফা ককটেল বিস্ফোরণ ঘটেছে।
রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, হঠাৎ করেই বাসার সামনে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরাও বলেছেন, অজ্ঞাত কয়েকজন এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও একই ধরনের দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানেও কেউ আহত হয়নি।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার কথা রয়েছে সোমবার। এ রায়কে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার মধ্যে গত সপ্তাহে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির সময় ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে।