শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি পাঠানো হচ্ছে দুই মন্ত্রণালয়ে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এসব কপি পাঠানো হবে বলে জানা গেছে।

একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে স্বীকারোক্তি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর কথাও সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এর আগে ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলায় দোষ স্বীকার করায় সাবেক পুলিশ প্রধান আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ট্রাইব্যুনাল জানায়, তিন আসামির বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের মাধ্যমে এ মামলার বিচার প্রক্রিয়া নতুন করে শুরু হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনাল ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলাটিতে তার সঙ্গে আসামি ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন পরে আদালতে রাজসাক্ষী হন।

মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে প্রসিকিউশন মামলা পরিচালনা করে যার মধ্যে ছিল উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যাকাণ্ড, চানখারপুলে হত্যার ঘটনা এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগ। মোট ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন আদালতে জবানবন্দি দেন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৩ আগস্ট এবং শেষ হয় ৮ অক্টোবর।

২৩ অক্টোবর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হওয়ার পর বিচারকাজ রায়ের জন্য প্রস্তুত হয়। এরপর ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ এবং ১৭ নভেম্বর আনুষ্ঠানিক রায় প্রদান করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970