আগামী দিনে মহানবী (সা.)-এর দেখানো পথে দেশ পরিচালনা করব: তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
আগামী দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দেখানো আদর্শ ও পথে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আল্লাহর দয়া ও জনগণের সমর্থন থাকলে একটি প্রত্যাশিত ও কল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণঅভ্যর্থনা অনুষ্ঠানে লাখো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসার। পাহাড়-সমতল নির্বিশেষে সব অঞ্চলের মানুষ, হিন্দু-বৌদ্ধসহ সব ধর্মের অনুসারী, নারী-পুরুষ, তরুণ ও কৃষকের রাষ্ট্রের কাছে ন্যায্য প্রত্যাশা রয়েছে। ঐক্যের মাধ্যমেই সবার আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন এবং গত ১৫ বছরে মা-বোন, তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য ধৈর্য ও ঐক্যের প্রয়োজন রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তারেক রহমান বলেন, রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি—আপনাদের দোয়ার বরকতে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। তিনি বলেন, ১৯৭১ সালে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদ থেকে দেশ মুক্ত হয়েছে, ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং ২০২৪ সালে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ একসঙ্গে সার্বভৌমত্ব রক্ষা করেছে। এখন মানুষের কথা বলার অধিকার ও গণতন্ত্রের অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।