ফোড়া অপারেশনের পর রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ এএম

ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ফোড়া অপারেশনের পর এক রোগীর মৃত্যু ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতাল ভাঙচুর করেছেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার সকালে শহরের পানিছত্র এলাকায় অবস্থিত কে আই হাসপাতালে এই ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মাদারীপুর-শরীয়তপুর সড়ক অবরোধ করে অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।

এর আগে বুধবার বিলকিস বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুমরামপুর গ্রামের বাসিন্দা সিরাজ আকনের স্ত্রী।

স্বজনদের অভিযোগ, পিঠে ফোড়ার তীব্র ব্যথা নিয়ে বিলকিস বেগমকে কে আই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসক অপারেশন কক্ষ থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেন তারা। পরে রোগীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের স্বজন হাসান মাদবর বলেন, এ ধরনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি হাসপাতাল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত চলছে। হাসপাতালের বৈধতা ও চিকিৎসকের বিষয়টি যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970