অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের রায় শুনেই জ্ঞান হারালেন অভিযুক্ত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৭ এএম
নীলফামারীর ডোমারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রায় শুনে ঘটনাস্থলেই এক অভিযুক্ত অজ্ঞান হয়ে পড়েন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিণচড়া ধরধরার পাড় এলাকায় দেওনাই নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এতে থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হরিণচড়া ধরধরার পাড় এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ফারুক হোসেন (৩০) এবং ডিমলা উপজেলার ট্রাক্টরচালক অমল রায় (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র দেওনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে আশপাশের ফসলি জমি ও সড়ক ঝুঁকিতে পড়ে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বালুবাহী গাড়িসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় জরিমানার রায় শুনে মো. ফারুক হোসেন ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় একজন অজ্ঞান হয়ে পড়েন, পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি সুস্থ হন।