পাটোয়ারীকে হাসিমুখে আলিঙ্গন করলেন মনোনয়ন প্রত্যাহার করা জামায়াত প্রার্থী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ঢাকা–৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে তিনি ভোটের মাঠে নামছেন।
এর আগে একই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ড. হেলাল উদ্দীন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সমঝোতার পর তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ড. হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি প্রকাশ করেন নাসিরুদ্দিন পাটোয়ারী। ছবিগুলোতে তাদের হাসিমুখে আলাপ করতে দেখা যায়।
পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন, গত এক বছরে ঢাকা–৮ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ড. হেলাল উদ্দীনের পরিশ্রম ও নিষ্ঠা ছিল প্রশংসনীয়। তিনি জানান, ব্যক্তিগত নানা ব্যস্ততা ও পারিবারিক সংকটের মধ্যেও সংগঠনের দায়িত্ব পালনে ড. হেলাল উদ্দীন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তার বাবা হাসপাতালে ভর্তি থাকলেও সেখান থেকে ফিরে এসে রাতে বৈঠকে যোগ দেন তিনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও লেখেন, বৈঠকে ড. হেলাল উদ্দীন তার সংগ্রামী জীবনের নানা ত্যাগ ও প্রতিকূলতার কথা তুলে ধরেন। পাশাপাশি অতীতের রাজনৈতিক দমন-পীড়নের কথাও আলোচনায় আসে।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জোটের প্রার্থী হিসেবে তাকে আন্তরিকভাবে গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ঐক্যবদ্ধভাবে মাঠ ও রাজপথে কাজ করলে ঢাকা–৮ আসন জোটের বিজয়ী আসনে পরিণত হবে।