চাঁদা না পেয়ে লামায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত ছাত্রদল নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাবার ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতাসহ একটি চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় আব্দুস সবুর বাবুল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামলায় মো. ওমর ফারুক নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ফারুক স্থানীয় ব্যবসায়ী আব্দুস সবুর বাবুলের ছেলে। অভিযুক্ত মাহফুজ আলম মাসুম লামা উপজেলার আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন কোরবান আলী ওরফে রাজা মিয়া (২৪), মনির হোসেন মজলু (৩৫), মো. লিটন (৩০) ও রফিকুল ইসলাম। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।
ভুক্তভোগী আব্দুস সবুর বাবুল জানান, দীর্ঘদিন ধরে তাদের রাবার ব্যবসা চালু রয়েছে। প্রবাসে থাকা ছেলেদের অনুপস্থিতিতে বড় ছেলে ওমর ফারুক দেশে এসে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি করে এবং চাপের মুখে কিছু অর্থ দিতে বাধ্য হন। সম্প্রতি আবারও বড় অঙ্কের চাঁদা দাবি করা হলে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে তার ছেলের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা মারধর করে গুরুতর আহত করার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।