তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে উধাও মোটরসাইকেল চালক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। একটি সাদা রঙের হিরো হাংক মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি হঠাৎ করে তারেক রহমানের চলন্ত গাড়ির পাশে এসে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দেন। এরপর মুহূর্তের মধ্যেই তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খামটি পরীক্ষা করে ভেতরে কোনো লেখা বা বার্তা পাওয়া যায়নি। ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
ঘটনাটি জানার পর পুলিশ নিজেরাই সাধারণ ডায়েরি করে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, একজন মোটরসাইকেল আরোহী গাড়ির কাছে এসে খাম লাগিয়ে দ্রুত সরে যান। তবে ভিডিও ফুটেজের মান স্পষ্ট না হওয়ায় চালকের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।
পুলিশ আরও জানায়, সংগৃহীত ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মোটরসাইকেল এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।