‘দেশ বাঁচাতে’ গণভোটে ‘না’তে ভোট দেওয়ার আহ্বান জিএম কাদেরের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

ছবি: সংগৃহীত

সংবিধান ‘লঙ্ঘন’ করে গণভোট আয়োজন করা হচ্ছে- এ অভিযোগ তুলে জনগণকে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার দাবি, এই গণভোট বাস্তবায়িত হলে দেশ অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, সংবিধান সংশোধনের নামে যে সংস্কার প্রস্তাব আনা হয়েছে, তা বাস্তবায়ন হলে দেশ পরিচালনায় ভয়াবহ সংকট তৈরি হবে। তিনি বলেন, “স্বৈরাচার ঠেকানোর নামে যে সংশোধন আনা হয়েছে, তাতে প্রধান নির্বাহী বা প্রধানমন্ত্রীর হাতে কোনো কার্যকর ক্ষমতাই রাখা হয়নি। তার হাত-পা বেঁধে দেওয়া হয়েছে।”

চব্বিশের জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় উল্লেখ করে জিএম কাদের বলেন, ক্ষমতার ভারসাম্যের নামে প্রধানমন্ত্রীকে একেবারেই ক্ষমতাহীন করা হলে দেশ পরিচালনা অসম্ভব হয়ে পড়বে। তার ভাষায়, “যাকে দায়িত্ব দেবেন, তাকে ক্ষমতাও দিতে হবে। না হলে সে দায়িত্ব পালন করতে পারবে না।”

তিনি আরও বলেন, এই সংবিধান সংশোধন এক কথায় বেআইনি ও অবাস্তব। এটি কার্যকর হলে দেশে স্থিতিশীলতা থাকবে না, ঘন ঘন সরকার পরিবর্তন হবে এবং কোনো আইন সঠিকভাবে পাস করা সম্ভব হবে না।

গণভোটকে সম্পূর্ণভাবে সংবিধানপরিপন্থি দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, এতে উপদেষ্টারা শপথ ভঙ্গ করছেন এবং এর ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দেশ অচল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, “দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ও আইনের শাসনের স্বার্থে আমরা মনে করি, এই গণভোট প্রত্যাখ্যান করা উচিত। সবাইকে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় জাতীয় পার্টি সক্রিয় সমর্থন দিলেও এখন রাজনৈতিক স্বার্থে দলটিকে স্বৈরাচারের দোসর বলা হচ্ছে। তার দাবি, যারা এমন অভিযোগ করছে, তারাই আজ জুলাই শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।

জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ১৯৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ঠিক নেই—এটি প্রমাণ করার জন্য হলেও জাতীয় পার্টি নির্বাচনে থাকবে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাধিক প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970