দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল বেসামাল হয়ে গেছে: গোলাম পরওয়ার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী একটি দল বেসামাল হয়ে গেছে এবং ফ্যাসিবাদী চরিত্রে রূপ নিয়েছে। এ কারণেই বিভিন্ন এলাকায় সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, নারীরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে মিটিং বা গণসংযোগে বের হলে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। শুধু তাই নয়, শেরপুরে জামায়াতে ইসলামীর এক উপজেলা সেক্রেটারিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহিদ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই সহিংস রাজনৈতিক চরিত্র পরিবর্তনে দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হাঁ’তে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ শাসন করা বিগত তিনটি দল কিংবা তাদের কোনো নেতা দুর্নীতি, অপশাসন ও চাঁদাবাজির বাইরে ছিলেন—এমন দাবি করতে পারবেন না। এ কারণেই দেশের মানুষ পরিবর্তন চায় বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

গোলাম পরওয়ার জানান, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয়টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি ও এলডিপিসহ মোট ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। এই জোটের বিরুদ্ধে দুর্নীতি বা দলীয়করণের কোনো অভিযোগ নেই দাবি করে তিনি বলেন, ১১ দলীয় জোট সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষের জন্য ইনসাফভিত্তিক সুশাসনের সমাজ গড়া হবে।

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর দোকানপাট, হাটবাজার, বাসস্ট্যান্ড ও টেম্পোস্ট্যান্ডে যারা চাঁদাবাজি ও হামলায় জড়িত ছিল, তারাই এখন দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্রে যেতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছে। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভোট না দিতে ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির ও জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. মাজহারুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970