নির্বাচনি রোডম্যাপসহ ৬ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করল খেলাফত মজলিস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও তার ভিত্তিতে নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ ৬ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। শনিবার দুপুরে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবিগুলো তুলে ধরেন ও কর্মসূচি ঘোষণা করেন।


এর আগে সকাল ১০টায় একই স্থানে দলের প্রতীক ‘দেয়াল ঘড়ি’-এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে ড. আহমদ আবদুল কাদের বলেন, জুলাই জাতীয় সনদ–২০২৫ এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং সনদ ঘোষণার আগেই নির্বাচনি রোডম্যাপ প্রকাশ করায় জনগণের মধ্যে বিভ্রান্তি ও সংশয় তৈরি হয়েছে।
তিনি জানান, খেলাফত মজলিস ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ–২০২৫ এর ভিত্তিতে ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ৬ দফা দাবি ও ৩ দফা কর্মসূচি বাস্তবায়ন করেছে, যেখানে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
ড. কাদের জুলাই জাতীয় সনদ–২০২৫-কে আইনি ভিত্তি প্রদানের প্রস্তাবনাও তুলে ধরেন। এতে উল্লেখ করা হয়—ক) সনদ স্বাক্ষরের দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে এর সাংবিধানিক ও আইনি মর্যাদা প্রদান।খ) সনদের নীতি বা ব্যবস্থাপনা বিষয়ক দিকগুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে কার্যকর করা।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই পরিবর্তনগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে সংসদ সদস্যরা বাধ্য থাকবেন—এ মর্মে সকল দলের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়া উচিত।
সরকার তাদের দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ না নেওয়ায় খেলাফত মজলিস নতুন তিনটি কর্মসূচি ঘোষণা করেছে:১) ৫-৯ অক্টোবর পর্যন্ত গণসংযোগ কর্মসূচি২) ১০ অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল৩) ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
এছাড়া, ১৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে সংসদীয় আসনভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পরিচালনা করবে দলটি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970