স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে ফেসবুকে নাসীরুদ্দীনের ‘খোঁচা’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পরোক্ষভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জাতীয় সংসদে বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না; রাষ্ট্র চলে সংবিধান, আইন ও বিধিবিধানের ভিত্তিতে। তার এই মন্তব্যকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, বরং নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ওপর দাঁড়িয়ে থাকে। তবে আবেগ দিয়ে যদি কিছু চলে, তা হলো এস আলম গ্রুপ।

এর আগে রোববার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে বক্তব্য দেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় সংসদে উত্থাপন করতে হলে নির্দিষ্ট বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বিরোধীদলীয় নেতা এ ধরনের কোনো নোটিশ দিয়েছেন কি না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে সংবিধান পরিবর্তন বা সংশোধনের মতো বিষয় অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।

তার মতে, এই আদেশটি কোনো আইন বা অধ্যাদেশ নয়, ফলে এর ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ এবং রাষ্ট্রপতির কাছে সংসদ অধিবেশন আহ্বানের দাবি সাংবিধানিকভাবে সঠিক নয়।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, রাষ্ট্র নীতি ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। মন্তব্যের ঘরে তিনি আরও যোগ করেন, রাষ্ট্র চলে মুজিববাদের পাহারাদারে, আর আবেগে চলে এস আলম গ্রুপ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970