ঊর্ধ্বতন নির্দেশে জামায়াত কর্মী বিবি সাওদা গ্রেপ্তার, আদালতে তদন্ত প্রতিবেদন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

ছবি: সংগৃহীত

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। আদালতে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

সোমবার ভোলা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এ প্রতিবেদন দাখিল করেন।

জেলা গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ তদন্ত শাখার উপপরিদর্শক জুয়েল হোসেন খান তার প্রতিবেদনে জানান, বিবি সাওদা নিজের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার রাত ১১টার দিকে ভোলা পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়।

আদালতে দাখিল করা আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, সাইবার নজরদারির মাধ্যমে জানা যায়, বিবি সাওদা তার ব্যবহৃত একটি মোবাইল ফোন থেকে ‘সাওদা সুমি’ নামের আইডি ব্যবহার করে রাষ্ট্র, সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। পরে তার কাছ থেকে মোবাইল ফোনটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, মোবাইল ফোনে কারিগরি সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পর্যালোচনা করা সম্ভব হয়নি। ডিভাইসটি পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি বিধান অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হওয়ায় তখনো ডিভাইসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ করা যায়নি।

মোবাইল ফোন ও সংশ্লিষ্ট পোস্টগুলো বিস্তারিত পর্যালোচনা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970