জামায়াত কর্মী বিবি সাওদা গ্রেপ্তার: ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’- জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে ‘নিকৃষ্ট আচরণ’ করা হয়েছে, যা ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ বহন করছে।
ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে। ফ্যাসিবাদীরা সব যুগে নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। শেষ পর্যন্ত তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।’
পোস্টের শেষাংশে জামায়াত আমির আরও বলেন, ‘অতীত থেকে শিক্ষা নেওয়া হবে কি না জানি না—লজ্জা, লজ্জা!’
এর আগে, গত রোববার রাতে নিজের বাসা থেকে বিবি সাওদাকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন আদালতে তাকে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।
জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক জুয়েল হোসেন খান আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, বিবি সাওদা তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন।
প্রতিবেদনে বলা হয়, সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে বিষয়টি শনাক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তাদের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয় এবং ব্যবহৃত ‘রেডমি নোট ৯’ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রযুক্তিগত সমস্যার কারণে ফোনের তাৎক্ষণিক বিশ্লেষণ সম্ভব হয়নি। তবে ফেসবুক পোস্ট ও ডিভাইস পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত থাকার সন্দেহে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।