ইউনেস্কো-এপিসিআইসি সম্মেলনে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট অধিবেশনে অংশ নেওয়ার জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থার অধীন সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্কার ইমেইলের মাধ্যমে এই আমন্ত্রণ জানান।
আয়োজক সূত্রে জানা যায়, ইউনেস্কো-এপিসিআইসি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। পাশাপাশি শহরগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক নগরায়ণের কার্যকর পদ্ধতি বিনিময়ের ক্ষেত্র হিসেবেও এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমন্ত্রণপত্রে বলা হয়েছে, আসিফ মাহমুদের অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিবেশনে নতুন মাত্রা যোগ করবে এবং শহরগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা ও অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করতে সহায়ক হবে।
উল্লেখ্য, ইউনেস্কো-এপিসিআইসি ইউনেস্কোর অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শহর বিষয়ক আন্তর্জাতিক জোটের একটি আঞ্চলিক অংশ, যা ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী নগর উন্নয়ন নিয়ে কাজ করে আসছে।