একটি ফোন কলের অপেক্ষায় বিএনপি’র প্রার্থীরা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ এএম
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের শেষ পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। ইতোমধ্যে দলটি প্রায় ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি ১০০ আসনের মধ্যে অর্ধশত আসন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য বরাদ্দ থাকবে বলে জানা গেছে। অবশিষ্ট আসনগুলোতে প্রার্থীদের যাচাই–বাছাই চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক বৈঠক করছেন। তিনি সরাসরি প্রার্থীদের ফোন করে নির্বাচনি প্রস্তুতির নির্দেশ দিচ্ছেন এবং যাদের এখনো সবুজ সংকেত দেওয়া হয়নি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমানের একটি ফোন কলের জন্য।
দলের গুলশান কার্যালয়ে কয়েক সপ্তাহ ধরে চলছে জেলা ও আসনভিত্তিক বৈঠক। এসব বৈঠকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন তারেক রহমান নিজে। মাঠপর্যায়ের তথ্য, সংগঠনের মূল্যায়ন ও স্থানীয় নেতাদের মতামত অনুযায়ী একেকটি আসনে একজন করে প্রার্থী বাছাই করা হচ্ছে।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিএনপি ৩০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে জোটগত সমঝোতার কারণে অন্তত ৫০টি আসনে পরিবর্তন আনা হতে পারে। চলতি মাসের মধ্যেই প্রায় ২০০ জন প্রার্থীকে মৌখিকভাবে সবুজ সংকেত দেওয়া হবে।
ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে। এর মধ্যে—
-
ঢাকা-৪: তানভীর আহমেদ রবীন
-
ঢাকা-৫: নবীউল্লাহ নবী
-
ঢাকা-৮: মির্জা আব্বাস
-
ঢাকা-১৩: ববি হাজ্জাজ (এনডিএম চেয়ারম্যান)
-
ঢাকা-১৬: আমিনুল হক
-
ঢাকা-১৭: আন্দালিব রহমান পার্থ (বিজেপি চেয়ারম্যান)
এ ছাড়া
-
বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম
-
বগুড়া-৩: আবদুল মুহিত তালুকদার
-
বগুড়া-৪: মোশাররফ হোসেন
-
বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ
-
কুমিল্লা-১: ড. খন্দকার মোশাররফ হোসেন
-
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
-
নরসিংদী-২: ড. আবদুল মঈন খান
-
সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ
-
কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমদ
-
ভোলা-৩: মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ
-
নোয়াখালী-৩: বরকতউল্লা বুলু
-
নোয়াখালী-৪: মো. শাহজাহান
-
লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
-
লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু
-
জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত
-
খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল
-
নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল
-
চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান
-
গাজীপুর-৫: ফজলুল হক মিলন
-
সিরাজগঞ্জ-৫: আমিরুল ইসলাম খান
-
নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবর
জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দলগুলোকেও প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জানিয়েছেন, নড়াইল-২ আসনে তাকে প্রার্থী হিসেবে নিশ্চিত করেছেন তারেক রহমান। অন্যদিকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জানিয়েছেন, তিনি ঝালকাঠি-১ আসনে বিএনপির সমর্থন প্রত্যাশা করছেন।
আগামী নির্বাচন ঘিরে প্রচারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিএনপি। মাঠের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দলটি সমানভাবে সক্রিয় হতে চায়। এ লক্ষ্যে গঠন করা হচ্ছে অনলাইনভিত্তিক সংগঠন বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোকে শক্তিশালী করা হবে এবং অনলাইন প্রচার ও অপপ্রচার মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির অনুমোদন পাওয়া এই সংগঠনটির নেতৃত্ব দেবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার।
বিজিএনের অধীনে দেশের ৩০০ আসনে দুইজন করে মোট ৬০০ জন স্নাতক পাস অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দেওয়া হবে। তারা স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ ও প্রচারণার কাজ করবেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের আত্মজীবনী জমা পড়েছে, যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অনেকেই সরাসরি তারেক রহমানের সাক্ষাৎ লাভের আশায় লন্ডনে গিয়েছেন। তবে বেশিরভাগই তার দেখা পাননি। কেউ কেউ দীর্ঘ অপেক্ষার পর সাক্ষাৎ পেলেও অনেককে হতাশ মনে দেশে ফিরতে হয়েছে। আবার সৌভাগ্যবান কিছু নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করছেন উচ্ছ্বাসভরে।
আজ (রবিবার) নির্বাচন কমিশনে একটি গুরুত্বপূর্ণ চিঠি জমা দেবে বিএনপি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর আওতায় ‘জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে নির্বাচন বাধ্যতামূলক’ বিধানটি পরিবর্তনের দাবি জানানো হবে। বিএনপি মনে করে, এই বিধান রাজনৈতিক জোটব্যবস্থাকে সীমিত করে দিচ্ছে।
দলের জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, বিএনপি চায় জোটভুক্ত দলগুলো যেন পূর্বের মতো জোটের যেকোনো দলের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে।