পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ এএম
তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় নেতাকর্মীরা। একই ঘটনায় দলটির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় যায়। এ সময় একদল নেতাকর্মী জাতীয় গণতান্ত্রিক পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের টিনের বেড়া ভেঙে ভেতরের চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র নষ্ট করা হয়। পরে মিছিলটি চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানান এবং রাশেদ প্রধানের শাস্তির দাবি করেন। একই সঙ্গে তাকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন—এ অবস্থায় তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা রাজনৈতিক শিষ্টাচারবিরোধী। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো নেতাকর্মীর ওপর শারীরিক হামলা হয়নি বলেও তারা জানান।
দলটির পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, এর আগেও তারা একই ধরনের হামলার শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, তাদের মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হচ্ছে এবং এ ঘটনার বিচার দাবি করেন। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব বলেন, হামলাকারীরা কার্যালয়ের প্রাচীর ও ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে, তবে কেউ আহত হয়নি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।