হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ এএম
২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বিমানে উঠে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন। এ সময় তার সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময় অনুযায়ী, রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। প্রথম দিনেই মোট ১৪টি ফ্লাইটে হজযাত্রী পরিবহনের পরিকল্পনা করা হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের বহন করে ফ্লাইট পরিচালনা করা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।