মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:১১ পিএম
মালদ্বীপের উদ্দেশে সরকারি সফরে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) দেশটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশটির সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত মালদ্বীপ সফর করছেন তিনি। এ সফরের অংশ হিসেবে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পাশাপাশি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন। একই সঙ্গে আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর।