নভেম্বরেই গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতসহ আট রাজনৈতিক দল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
আগামী নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি নিশ্চিত করতে নভেম্বর মাসেই গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি। অন্যথায় দেশের গণতান্ত্রিক রূপান্তর ও অভ্যুত্থান প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
দুপুর ১২টার দিকে দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে একটি প্রতিনিধিদল পৃথকভাবে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি জমা দেন।
গণভোট বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা বলেন, “দেশের জনগণ জুলাই সনদের মাধ্যমে নতুন সংবিধান সংস্কারের পক্ষে একমত হয়েছেন। তাই বিলম্ব না করে নভেম্বরেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে।”
জানা গেছে, এই দাবিতে অংশ নেওয়া আটটি দল আগামী সপ্তাহে যৌথ সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নভেম্বরেই গণভোটের দাবিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বাড়ছে। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত এখন রাজনৈতিক দলগুলোর নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে।