জামায়াতের ভোট ৫-৬ পার্সেন্ট, লাফ দিয়ে ৫১ হবে না: মির্জা ফখরুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত নির্বাচনের হিসাব করলে দেখা যাবে জামায়াতে ইসলামীর ভোট ৫-৬ পার্সেন্ট। রাতারাতি লাফ দিয়ে তাদের ভোট ৫১ পার্সেন্ট হয়ে যাবে না।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনপির গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও তারা অন্ধভাবে কোনো মতাদর্শ অনুসরণ করে না। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতা পছন্দ করে না। তিনি বলেন, “গত নির্বাচনের হিসাব দেখলেই বোঝা যায় জামায়াত কতটুকু জনপ্রিয়তা পেয়েছে। তাই হঠাৎ করে বিপুল ভোট পাওয়ার স্বপ্ন দেখলে ভুল হবে।”

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, পাকিস্তান আন্দোলন ছিল মুসলমানদের স্বার্থ রক্ষার দাবি থেকে আসে, অথচ জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী সেই আন্দোলনের বিরোধিতা করেছিলেন।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “১৯৭১ সালে আমরা স্বাধীনতার জন্য লড়েছি, অথচ আপনারা শুধু বিরোধিতাই করেননি, পাকিস্তান বাহিনীর সঙ্গে মিলে গণহত্যায়ও সহযোগিতা করেছেন—এ কথা বলতে আমার কোনো সংকোচ নেই। সোশ্যাল মিডিয়ায় আবোল-তাবোল কথা বলে এসব সত্য আড়াল করা যাবে না।”

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সময়সূচি দিয়েছেন, তা যে করেই হোক বাস্তবায়ন করতে হবে। নির্বাচন পেছালে দেশ আরও দুর্বল হবে, কারণ জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

জামায়াতের নেতাদের উদ্দেশে ফখরুল বলেন, “আপনারা নির্বাচনের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছেন। রাস্তায় যতো বিলবোর্ড আর পোস্টার দেখেছি, অন্য কোনো দলের এতটা দেখা যায়নি। তাহলে জনগণকে বিভ্রান্ত করছেন কেন? নির্বাচন না করলে আপনাদের টিকে থাকা কঠিন, আর নির্বাচন করলে পরাজিত হবেন—এই আশঙ্কায়ই কি ভোট পেছানোর চেষ্টা?”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970