দেশে পৌঁছে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। তার আগমনের আগে থেকেই এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এর কিছুক্ষণ আগে, সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস, শারমীন আখতার ও অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন।
এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার অ্যাম্বুলেন্স আসছে না, তবে সব ঠিক থাকলে শনিবার এটি পৌঁছাতে পারে।
তিনি বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাআল্লাহ ৭ তারিখ তিনি লন্ডনে রওনা দেবেন।”