‘বাংলাদেশ টাইমস’ এর বিরুদ্ধে জিডি করলেন ছাত্রদল নেতা আবিদ ও মায়েদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
ভুয়া ফটোকার্ড তৈরি ও অপপ্রচারের অভিযোগে ‘বাংলাদেশ টাইমস’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ এবং তানভীর আল হাদী মায়েদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানায় জিডি করার পর এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান আবিদ।
আবিদুল ইসলাম খান জানান, ডাকসু নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে যত ধরনের “নোংরা প্রচারণা” হয়েছে, তা কল্পনার বাইরে। কিন্তু সবসময় ধৈর্য দেখানো হয়েছে। তিনি বলেন, “বাক স্বাধীনতার বিষয়ে আমরা আপোষহীন। সমালোচনা সহ্যও করেছি। কিন্তু আমি যে কথা বলিনি, সেটাকে আমার বক্তব্য বলে প্রচার করা—এটা কোনোভাবেই সাংবাদিকতা নয়। এতে ব্যক্তিগত ও সাংগঠনিক সম্মান ক্ষুণ্ন হয়েছে।”
তিনি অভিযোগ করেন, ‘বাংলাদেশ টাইমস’ তাদের জিজ্ঞেস না করেই ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করেছে, যেখানে তাদের নামে মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমার নিরাপত্তা ও সংগঠনের নিরাপত্তার স্বার্থে জিডি করেছি। বারবার অপপ্রচার হচ্ছে, এখন যদি ব্যবস্থা না নিই তবে মনে হবে অপরাধ আমরাই করেছি।”