হজযাত্রীদের যে ৮০ কেন্দ্র থেকেই টিকা নিতে হবে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
২০২৬ সনের হজযাত্রীদের জন্য টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। দেশের মোট ৮০টি নির্ধারিত কেন্দ্র থেকেই হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণ করতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৪টি সিভিল সার্জন কার্যালয় থেকে হজযাত্রীরা টিকা নিতে পারবেন। এ ছাড়া ঢাকা মহানগরীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিককে টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ঢাকার বাইরে গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও হজযাত্রীদের টিকা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকা প্রদানের তারিখ পরবর্তীতে হজযাত্রীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ ডকুমেন্ট সঙ্গে আনতে হবে।
হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা শাখার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।