পালিত হচ্ছে পবিত্র শবে বরাত, যে কাজগুলো পরিহার করা জরুরি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ‘শবে বরাত’ অর্থ মুক্তির রাত। বিশ্বাস করা হয়, এ রাতে মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি বিশেষ দয়া ও রহমতের দৃষ্টি দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। তবে শবে বরাত পালন করতে গিয়ে কিছু ভুল রেওয়াজ ও অনুচিত কাজ পরিহার করার ওপর গুরুত্ব দিয়েছেন আলেমরা।
আলো সজ্জা ও আতশবাজি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। মসজিদ, বাড়ি কিংবা দোকানে অতিরিক্ত আলোকসজ্জা, পটকা ফোটানো বা আতশবাজি করা ইসলামের বিধানসম্মত নয় বলে উল্লেখ করা হয়। এসব কাজকে অপ্রয়োজনীয় ও কিছু ক্ষেত্রে বিদআত হিসেবেও আখ্যায়িত করা হয়।
শবে বরাতে বিনা প্রয়োজনে নারীদের বাইরে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বিশেষ করে বেপর্দা হয়ে দোকানপাট বা ভিড়ের মধ্যে যাতায়াত এই পবিত্র রাতের শালীনতার পরিপন্থী বলে মত দেন ধর্মীয় বিশ্লেষকরা।
এছাড়া তরুণদের অলিতে-গলিতে ঘোরাফেরা, হই-হুল্লোড় করা কিংবা জনসম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টি করাকে অনুচিত বলা হয়েছে। এসব কর্মকাণ্ড ইবাদতমুখর পরিবেশ নষ্ট করে।
মসজিদ বা বাসাবাড়িতে মাইক ব্যবহার করে উচ্চস্বরে বক্তৃতা বা ওয়াজ আয়োজন থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এতে অন্য মুসল্লিদের ইবাদতে মনোযোগ নষ্ট হয় এবং অসুস্থ ও বয়স্কদের অসুবিধা হয় বলে উল্লেখ করা হয়।
আলেমরা আরও জানান, হাদিস ও সাহাবিদের যুগে শবে বরাতে দলবদ্ধভাবে নফল নামাজ আদায়ের কোনো প্রমাণ নেই। তাই এ রাতের নফল ইবাদত ব্যক্তিগতভাবে ও একাকী আদায় করাই উত্তম।
উল্লেখ্য, শবে বরাত আল্লাহর রহমত, ক্ষমা ও মুক্তির রাত। এ রাতে শান্ত ও একাগ্রচিত্তে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের আহ্বান জানানো হয়েছে।