দেশসেরা ৫০০ কওমি আলেমকে সংবর্ধনা ও পুরস্কার দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ এএম

ছবি: সংগৃহীত

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় দেশসেরা মেধার স্বাক্ষর রাখা ৫০০ জন তরুণ আলেমকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শুক্রবার রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ ফাউন্ডেশন মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে অনুষ্ঠানটি। এতে উমরাহ, বই-পুস্তক ও সম্মাননা স্মারকসহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়।

আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ১১১ জনের মধ্যে ১০২ জন এবং মুমতাজ (জিপিএ-৫ সমমান) অর্জনকারী ১৫৭৫ জনের মধ্যে ১১১৯ জন আবেদন করেন। সেখান থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সেরা ৫০০ জনকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, সাধারণ ধারার শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্বীকৃতি ও উৎসাহমূলক আয়োজন থাকলেও কওমি মাদরাসার মেধাবীদের জন্য এমন আয়োজন তুলনামূলকভাবে কম। এই ঘাটতি পূরণে তরুণ আলেমদের গবেষণামুখী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই মেধাবীরা যেন নিজেদের সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগাতে পারে এবং সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে উঠতে পারে, সেটিই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী সাব্বির আহমাদ। তিনি উপস্থিত অতিথি, ওলামায়ে কেরাম ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, কওমি শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি তরুণদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করবে।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আলেম, শিক্ষাবিদ, গবেষক ও ইসলামি ব্যক্তিত্বরা।

পুরস্কার হিসেবে সেরা ৪ জনকে পবিত্র উমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। এছাড়া বই-পুস্তক কেনার জন্য ভাউচার, নগদ সমমূল্যের পুরস্কার এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধার কার্ডও দেওয়া হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970