ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ভূমিকম্প আল্লাহর একটি সতর্কবার্তা ও শক্তির নিদর্শন বলে উল্লেখ করেছেন আলেমরা। তাদের মতে, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, দোয়া ও ইস্তেগফার করতে হবে এবং তার আশ্রয় কামনা করতে হবে।

কুরআনে আল্লাহ বলেন- আগের জাতিদের নানাবিধ বিপদে আক্রান্ত করা হয়েছিল, যেন তারা নম্র হয়ে তার দিকে ফিরে আসে। কিন্তু যখন তারা উপদেশ ভুলে গেল, তখন হঠাৎ তাদের পাকড়াও করা হয় (সুরা আন’আম: ৪২–৪৪)।

আলেমরা বলেন, ভূমিকম্পের সময় ইস্তেগফার করা, দোয়া করা ও সদকা দেওয়া মুস্তাহাব। যেমন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় নামাজ ও দোয়া করা সুন্নত, তেমনি বিপদে আল্লাহর দিকে বেশি করে ঝুঁকে পড়া উচিত।

রাসুল (সা.) তীব্র বাতাস বা ঝড়ের সময় একটি দোয়া পড়তেন-
বাংলা উচ্চারণ: “আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফীহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা শাররাহা ওয়া শাররা মা ফীহা ওয়া শাররা মা উরসিলাত বিহি।”

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি এর কল্যাণ, এর মধ্যে থাকা কল্যাণ ও যেসব কল্যাণ নিয়ে এটি পাঠানো হয়েছে তা প্রার্থনা করছি। এবং এর অনিষ্ট, এর মধ্যে থাকা অনিষ্ট ও যেসব অনিষ্ট নিয়ে এটি পাঠানো হয়েছে তা থেকে আপনার কাছে আশ্রয় চাই। (সহিহ মুসলিম)

ভূমিকম্পের জন্য বিশেষ কোনো দোয়া বর্ণিত না থাকলেও এই দোয়াটি পাঠ করা যেতে পারে। পাশাপাশি অন্যান্য দোয়া ও ইস্তেগফারও করা যায়। কুরআন ও হাদিসে উল্লেখ থাকা দুটি প্রযোজ্য দোয়া হলো—

১. ইউনুস (আ.)-এর দোয়া
বাংলা উচ্চারণ: “লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন।”

বাংলা অর্থ: তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র; নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। (সুরা আম্বিয়া: ৮৭)

২. রাসুল (সা.)-এর শিক্ষা করা নিরাপত্তার দোয়া
যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার এ দোয়া পড়বে, কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না-
বাংলা উচ্চারণ: “বিসমিল্লাহিল্লাধি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিলআরদি ওয়ালা ফিসসামায়ি, ওয়া হুয়াসসামিউল আলিম।”

বাংলা অর্থ: আল্লাহর নামে—যার নামের বরকতে আকাশ-মাটির কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। (আবু দাউদ, তিরমিজি)

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970