দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ সোমবার সন্ধ্যার পর থেকেই শুরু হচ্ছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এই রাত পালন করবেন।

ইসলাম ধর্মে লাইলাতুল কদরের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, এই রাত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এ রাতে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় এবং মুমিন বান্দারা ইবাদত-বন্দেগির মাধ্যমে তাঁর নৈকট্য ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ পান।

পবিত্র রমজান মাসের এই মহিমান্বিত রাতেই মানবজাতির হেদায়েতের আলোকবর্তিকা পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এ কারণেই ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে মসজিদ ও নিজ নিজ ঘরে রাতভর ইবাদতে মশগুল থাকবেন।

এই রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, মিলাদ মাহফিল এবং বিশেষ দোয়ার মাধ্যমে সময় অতিবাহিত করবেন। রাতের শেষ ভাগে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হবে।

পবিত্র এই রজনীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বেতার কেন্দ্রগুলো বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সংবাদপত্রেও শবে কদরের মাহাত্ম্য নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ নিবন্ধ ও সম্পাদকীয়।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল ও ইবাদতের আয়োজন করা হয়েছে। পবিত্র এই রাতে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির প্রত্যাশায় সারা দেশে বিরাজ করবে এক আধ্যাত্মিক পরিবেশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970