প্রখ্যাত ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম
প্রখ্যাত ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সুপরিচিত এই বক্তা ১৯৪৭ সালে সোনারগাঁ উপজেলার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আল্লামা নেছার উদ্দীন সাহেবের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব। পারিবারিকভাবেই তিনি দ্বীনি শিক্ষার পরিবেশে বেড়ে ওঠেন।
নিজ গ্রামেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। পরে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল এবং ১৯৬৫ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৭ সালে নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ফাজিল সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে কামিল প্রথম বিভাগে পাস করে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের ইতি টানেন।
মরহুমের প্রথম জানাজা বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। তার ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার রুহের মাগফিরাত কামনা করেছেন।