মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এক বীর মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দেওয়ার অভিযোগে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগমকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। দেবিদ্বার উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে ৪১ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সারিবদ্ধ কয়েকটি চেয়ারে বসে থাকা ব্যক্তিদের মধ্য থেকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে হাতের ইশারায় উঠে যেতে বলেন সুফিয়া বেগম। একপর্যায়ে তিনি তাকে হাতে ধরে পাশের দিকে নিয়ে যান। পুরো ঘটনাটি দূর থেকে ধারণ করা ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত হন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান চলাকালে মহিলা দলের ওই নেত্রী তাকে চেয়ার ছেড়ে দিতে বলেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের আমন্ত্রণে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। একটি ফাঁকা চেয়ারে বসার পর কিছুক্ষণ যেতে না যেতেই সুফিয়া বেগম তাকে পেছনের চেয়ারে চলে যেতে বলেন। তিনি বারবার হাত নেড়ে ও উচ্চস্বরে উঠে যেতে বলেন বলেও অভিযোগ করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। পরে তাকে হাত ধরে অন্য চেয়ারে বসানো হয়। বিষয়টি তার আত্মসম্মানে আঘাত করেছে উল্লেখ করে তিনি অনুষ্ঠান ছেড়ে চলে আসেন বলে জানান।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম বলেন, চেয়ারটি মূলত তারই ছিল। এক সাংবাদিকের অনুরোধে সাক্ষাৎকার দিতে উঠে গেলে ফিরে এসে দেখেন ওই চেয়ারে বীর মুক্তিযোদ্ধা বসে আছেন। তাই তিনি তাকে অন্য একটি চেয়ারে বসতে অনুরোধ করেন। তিনি না উঠলে হাতে ধরে অন্য চেয়ারে বসিয়ে দেন বলে দাবি করেন সুফিয়া বেগম।

তিনি আরও দাবি করেন, একটি দুষ্টচক্র উদ্দেশ্যমূলকভাবে ঘটনার আংশিক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। পরে তিনি নিজ হাতে মুক্তিযোদ্ধাকে অন্য চেয়ারে বসিয়ে দেন—এই অংশটি ভিডিওতে নেই বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা তার আত্মীয় বলেও দাবি করেন সুফিয়া বেগম।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা সর্বোচ্চ। কোনো অবস্থাতেই তাদের অসম্মান করা উচিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে দেবিদ্বার উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক আব্দুর রবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970