হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে শিবির নেতার মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় রাফিউল হাসান নামে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল হাসান ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সাথি এবং একটি উপশাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
শিবির সূত্র জানায়, হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নেওয়ার পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাফিউল হাসান। এ সময় একটি বাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাফিউল হাসান সদ্য এইচএসসি পরীক্ষা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ ঘটনায় শিবির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।