সরে দাঁড়ানোর পর আবারো নির্বাচনের ঘোষণা বিএনপি নেতা মাসুদের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন না করার ঘোষণা প্রত্যাহার করে আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার নিজ বাড়ির সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এর আগে গত ১৬ ডিসেম্বর পারিবারিক সমস্যা ও পরিবেশ অনিরাপদ উল্লেখ করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। তবে নতুন করে দেওয়া ঘোষণায় তিনি বলেন, তার সেই সিদ্ধান্তে দলের নেতাকর্মী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ কষ্ট পেয়েছেন। এজন্য তিনি সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, দলের চেয়ে দেশ বড়—এই বিশ্বাস থেকেই তিনি আবার নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘আমার আগে আমরা, ক্ষমতার আগে জনতা, সবার আগে দেশ—এই নীতিতে আমি অটল।’
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত নেবে, তিনি তার সঙ্গে একমত থাকবেন। দল থেকে মনোনয়ন পাওয়ায় তিনি নির্বাচনে অংশ নেবেন বলেও ঘোষণা দেন।
নিরাপত্তা প্রসঙ্গে মাসুদ বলেন, এখন থেকে নেতাকর্মীরাই তার পরিবার এবং নিরাপত্তার ভরসা। কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, জীবন বাজি রেখে তিনি এই নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।