ফেরি থেকে ধলেশ্বরী নদীতে ৫ যানবাহন, ৩ মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি থেকে ধলেশ্বরী নদীতে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ফেরিঘাট এলাকায় ধলেশ্বরী নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ।

স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ছেড়ে আসা ফেরিটি নদীর মাঝপথে পৌঁছালে হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানসহ নদীতে পড়ে যায়।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ট্রাকটি হঠাৎ চালু হয়ে যাওয়ার পর একের পর এক পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। তবে রোববার সকালে নিখোঁজদের সন্ধানে পুনরায় তল্লাশি কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজও শুরু হবে বলে জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970