চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকার মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এমন পরিস্থিতিতে হরিনা এলাকায় লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ফলে নিহতদের নাম ও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।