সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া সেই বাঘ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম

ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরকির খালসংলগ্ন বনের ভেতরে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া একটি বাঘকে উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ ব্যবহার করে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে মুক্ত করা হয়। উদ্ধারকালে বাঘটি বেশ দুর্বল হয়ে পড়ায় তাকে স্যালাইন দেওয়া হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উৎসুক জনতার ভিড়ের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে উদ্ধারকৃত বাঘটিকে দ্রুত খুলনার দিকে নিয়ে যাওয়া হয়।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালসংলগ্ন গহিন বনে শিকারিদের পাতা ফাঁদে বাঘটি আটকে পড়ে। দুপুরের পর বিষয়টি জানাজানি হলে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাঘটির অবস্থান নিশ্চিত করে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, বাঘটি খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে অবস্থান করছিল। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা কর্ডন করে রাখা হয়, যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে।

তিনি আরও জানান, রোববার দুপুরে ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রানকুইলাইজার প্রয়োগ করে উদ্ধার অভিযান শুরু হয়। অচেতন অবস্থায় বাঘটিকে ফাঁদ থেকে মুক্ত করা হয়।

উদ্ধারকৃত বাঘটিকে খুলনা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নেওয়া হবে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970