দেশে আবারও ভূমিকম্প
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম
ভোলার মনপুরা উপজেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই ভূকম্পনে কেঁপে ওঠে পুরো দ্বীপাঞ্চল। কম্পনের ফলে বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালে হঠাৎ করে মসজিদে কম্পন শুরু হয়। মুসল্লিরা বিষয়টি স্পষ্টভাবে অনুভব করেন এবং অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, ভারতের মনিপুর ও আসামসহ পার্শ্ববর্তী অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূল এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল।