ক্যাডার-সন্ত্রাস-চোর ডাকাত সবাইকে কাছে টেনে নিতে চান বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যে ক্যাডার, সন্ত্রাসী ও চোর-ডাকাতদের প্রসঙ্গ ওঠায় জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় পাঁচ মিনিট দৈর্ঘ্যের হলেও মূলত শেষ ২২ সেকেন্ডের অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অংশে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘আগামী ২২ তারিখ থেকে আপনারা মাঠে থাকবেন। সাধারণ মানুষ, গরীব-দুঃখী মানুষ, গুন্ডাপান্ডা, ক্যাডার, সন্ত্রাস, চোর, ডাকাত, অন্য দলের মানুষ—যেই হোক সবাইকে কাছে টেনে নিয়ে দলের জন্য যেটা ভালো হয় সেটা করবো।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ভিডিওটি শেয়ার করে বক্তব্যটির কড়া সমালোচনা করেন। তিনি এটিকে ‘ভয়ংকর রাজনীতির ইঙ্গিত’ বলে উল্লেখ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সন্ত্রাসমুক্ত রাজনীতির আহ্বান জানান।
এরপর ওই ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে পাল্টা প্রতিক্রিয়া জানান শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল। তিনি ভিডিওটি ‘কাটিং করে বিভ্রান্তি তৈরির চেষ্টা’ বলে দাবি করেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির সমালোচনা করেন।
একই পোস্টে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনও প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, আলোচিত বক্তব্যটি গত ৭ জানুয়ারি শেরপুর সদর উপজেলার জংগলদী বড় বাজার এলাকায় আয়োজিত একটি কর্মীসভায় দেওয়া হয়। ওই সভায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।