বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ, বোমা বিস্ফোরণ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে যৌথবাহিনীর অভিযানে দুই গ্রুপের ৮ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জেলার ফতুল্লা থানার শিহাচর হাজীবাড়ি মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে জড়ান ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের অনুসারীরা।

আটক ব্যক্তিরা হলেন— কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ। তবে ঘটনার পর কৌশলে পালিয়ে যান ইউনুস মাস্টার।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলকারখানার ওয়েস্টেজ মাল নিয়ন্ত্রণ, ভূমিদস্যুতা ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার দুপুর থেকেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টার দিকে দুই গ্রুপের কয়েকশ নেতাকর্মী ধারালো দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় একাধিক বোমা বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে অন্তত ৮ জন আহত হন। আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ির দরজা-জানালা বন্ধ করে নিরাপদ আশ্রয় নেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট সংঘর্ষ চলার পর পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৮ জনকে আটক করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আটক ব্যক্তিদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরিত বোমার কিছু অংশও জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970