ছাত্রদলের নির্বাচনি মিছিলে ‘এই মুহূর্তে দরকার, শেখ হাসিনা সরকার’ স্লোগান
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের একটি মিছিলে ‘এই মুহূর্তে দরকার, শেখ হাসিনা সরকার’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে। ইউনিয়ন ছাত্রদল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত একটি মিছিল থেকে ওই স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’ স্লোগান দেওয়ার একপর্যায়ে মিছিলের নেতৃত্বে থাকা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ ‘এই মুহূর্তে দরকার’ বলে স্লোগান শুরু করেন। এ সময় পাশ থেকে কয়েকজন কণ্ঠ মিলিয়ে বলেন ‘শেখ হাসিনা সরকার’।
এর পরপরই মিরাজ দ্রুত ‘বিএনপি সরকার’ বলে স্লোগান দেন এবং মিছিলে অংশগ্রহণকারীরা তার সঙ্গে ‘বিএনপি সরকার’ স্লোগানে অংশ নেন।
এ বিষয়ে মূনঈমুল ইসলাম মিরাজ বলেন, “আমি নিজে কখনোই ‘শেখ হাসিনা সরকার’ স্লোগান দেইনি। এটি ছিল নির্বাচনি গণসংযোগ কর্মসূচি। সেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ছিলেন। তাদের মধ্য থেকেই কেউ হয়তো ওই স্লোগান দিয়েছেন।”
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ নিয়ে কী করা যায়, তা খতিয়ে দেখা হবে।”