ম্যাজিস্ট্রেটকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে হুমকি, রুমিন ফারহানাকে তলব
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা আয়োজন এবং দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও ‘বুড়ো আঙুল’ দেখানোর অভিযোগে তাকে এ তলব করা হয়েছে।
আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে একটি বৃহৎ মঞ্চ নির্মাণ করে মাইক ব্যবহার করে বক্তব্য দেন রুমিন ফারহানা। এটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর সরাসরি লঙ্ঘন।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে আরও বলা হয়, ওই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বলেন, ‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।’
চিঠিতে অভিযোগ করা হয়, জনসমক্ষে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের পাশাপাশি রুমিন ফারহানার কর্মী-সমর্থকেরা মারমুখী আচরণ করেন। এতে ‘মব’ বা গণজমায়েত সৃষ্টি হয়ে বিচারিক কাজে বাধা প্রদান করা হয় এবং একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এ ঘটনায় সংশ্লিষ্ট ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় তার অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।